প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর ইউএনও’র হস্তক্ষেপে কোমলমতি শিক্ষার্থীরা ফিরে পেল যাতায়াতের রাস্তা
রাশেদ, বগুড়াঃ
“সারিয়াকান্দিতে মাদ্রাসা স্কুল দ্বন্দে ক্ষুদে শিক্ষার্থীদের রাস্তা বন্ধ” শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রাচীরটি ভেঙ্গে ফেলা হয়েছে।
সংবাদ মাধ্যমে প্রতিবেদন দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাচীরটি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (দিপন)। কর্ণিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে দেয়ালটি ভেঙ্গে রোববার (২৪শে মার্চ) এর মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে বলা হয়।
কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আজ প্রাচীরটি ভেঙ্গে ফেলা হয়েছে। এখন শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের আর কোন সমস্যা হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে রাতেই দেয়ালটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আজ খোঁজ নিয়ে জানতে পেরেছি দেয়ালটি ভেঙ্গে ফেলা হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫৭ নং নাড়াপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করেছিলো কর্ণিবাড়ী দ্বিমুখী ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে নাড়াপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়।
এমন দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ধানের জমির সরু আইল দিয়ে কাদা-পানি পেরিয়ে যাতায়াত করতে হতো। কেননা, জমির আইল ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করার আর কোনো বিকল্প রাস্তা ছিলোনা। বিষয়টি পত্রিকার মাধ্যম জানতে পেয়ে রোববার (২৩ শে মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.