টাঙ্গাইল জেলাপ্রতিনিধি
টাঙ্গাইলের দেলদয়ারে ধলেশ্বরী নদীর তীরঘেষা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেরীবাঁধ ভেঙে পড়েছে। এতে ওই অঞ্চলের অন্তত ১৮টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার দেওলী ইউনিয়নের বাবুপুর থেকে এলাসিন ইউনিয়ন হয়ে লাউহাটী ইউনিয়ন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ১০ কিলোমিটার বেরীবাঁধ রয়েছে। বাঁধটি মূলত ধলেশ্বরী নদী ভাঙনের তান্ডপ থেকে তীরবর্তী মানুষের বসত ভিটে রক্ষা এবং এলাকার উর্ভর কৃষি জমি রক্ষায় নির্মিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে সৃষ্টি হয়েছে ঘুর্ণিস্রোতের। স্রোতের ত্বোরে দেওলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝুনকাই নামক স্থানে বেরী বাঁধ শনিবার থেকে ভাঙন শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে বাঁধটির ৯৫ ভাগ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাকী ৫ভাগও যে কোন সময় ভেঙে যেতে পারে। এমনই আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম মিয়া জানান, বাঁধটি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা না গেলে দেওলী ইউনিয়নের ১৮টি গ্রাম দ্রুত প্লাবনের কবলে পড়বে। সেই সাথে পানিবাহীত বালু পড়ে বিস্তির্ণ এলাকার কৃষি জমি অনাবাদি হয়ে পড়বে। ফলে এলাকার কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক গটনাস্থলে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বাঁধটি রক্ষায় সংস্কার কাজ চলমান রয়েছে।