বগুড়া শাজাহানপুরের আড়িয়া- রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের জিডি


মেহেদী হাসানঃ
বগুড়ার শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সাবেক সভাপতির বিরুদ্ধে থানায়
সাধারন ডাইরী (জিডি) করেছেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার
আলী। বৃহস্পতিবার সকালে শাজাহানপুর
থানায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
সম্পাদক বিদ্যালয়ের সাবেক সভাপতি
জাহিদুল হক আরজুর বিরুদ্ধে এই জিডি
(নং৮৮০) দায়ের করা হয়।
জিডিতে উল্লেখ করা হয় কমিটির
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সাবেক ওই
সভাপতি জোরপূর্বক দায়িত্ব পালনের
চেষ্টা করছেন। এমনকি গত ১০ মে প্রধান
শিক্ষককে মারপিটও করেছেন।
উল্লেখ্য, সদ্য মেয়াদোত্তীর্ণ সভাপতি
জাহিদুল হক আরজু কর্তৃক গত ১০ মে প্রধান
শিক্ষক হায়দার আলী লাঞ্ছিত হলে
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে
ফেটে পড়ে। তারা ঢাকা-বগুড়া
মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও
অবস্থান কর্মসূচি পালন করে। এমতাবস্থায়
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
রুবায়েত খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে
শিক্ষক লাঞ্ছনাকারীর বিচার করার
আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে
ফিরে যায়। এরপর গত ১৮ মে বাংলাদেশ
শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার
নেতৃবৃন্দ প্রধান শিক্ষক লাঞ্ছনাকারী
সভাপতি জাহিদুল হক আরজুর শাস্তি
দাবি করে এক প্রতিবাদ সভা করেছেন।
অপরদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
বিষয়টি আপোষ মিমাংসার উদ্যোগ
নিলেও তা ব্যর্থ হয়। অবশেষে লাঞ্ছনার
ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনী ব্যবস্থা গ্রহনের
দাবি জানিয়ে প্রধান শিক্ষক হায়দার
আলী বৃহস্পতিবার শাজাহানপুর থানায়
এই সাধারণ ডায়েরি করেন।




Daily Aporadh Prokash