আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, এলাকায় থমথমে অবস্থা


নিজস্ব প্রতিবেদক: মেহেদী হাসান
ঢাকার আশুলিয়ার প্রধান শিল্পাঞ্চল জামগড়া চৌরাস্তার চৌধুরী মার্কেট এলাকায় সন্ত্রাসী দমন অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়, যার ফলে নিরাপত্তার স্বার্থে স্থানীয় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি প্রায় ১৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৬ রাউন্ড গুলি ছোড়ে।
থানা সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এই গুলিবিনিময়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা গ্রেফতারের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




Daily Aporadh Prokash