সাভারে ডাকাতের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত


মোঃ ইমরান মোল্লাঃ-
সাভারের আশুলিয়ায় ডাকাতদের গুলিতে মফিজুল ইসলাম নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।
২২ মার্চ (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে কাঠগড়ার নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ডাকাতি করার জন্য জানালার গ্রীল কাটছিল। তাদের চিৎকারে দিলে পাশের গার্মেন্টসের সুইং অপারেটর মফিজুল ইসলাম (২৮) বাড়ির বাইরে বের হলে ডাকাতরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গতকাল আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় এক গাড়ি চালককে হাত পা বেধে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়াও গত কয়েকদিন আগে আশুলিয়ার দোসাইদ ও সেনওয়ালিয়া এলাকায় দুই চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেন দুর্বৃত্তরা। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও এক গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করলো ডাকাতরা।




Daily Aporadh Prokash