অপরাধআইন – আদালতদুর্নীতি

গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় চলমান ভূমি জরিপ (সেটেলমেন্ট) কার্যক্রমকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্য, জালিয়াতি এবং সেবাগ্রহীতাদের চরম হয়রানির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তসদিক ক্যাম্প দায়িত্বরত পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ আদায়ের প্রাথমিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ির অন্তত পাঁচটি স্থানে মৌজাভিত্তিক ভূমি জরিপ কাজ চলছে। কিন্তু এই রাষ্ট্রীয় সেবা কার্যক্রমকে ঘিরে একটি প্রভাবশালী অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্র গড়ে উঠেছে। জমির শ্রেণিগত পরিবর্তন, নথিপত্রে সামান্য ভুল বা অসংগতির অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের ফাইল আটকে রাখা হচ্ছে। সরকারি ফির বাইরে কাজের অগ্রগতির কথা বলে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে নথিপত্রের কাজ দীর্ঘমেয়াদে ঝুলিয়ে রাখাসহ নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, তসদিক ক্যাম্পের পেশকার হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এই চক্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন এবং তার মাধ্যমেই অধিকাংশ অবৈধ লেনদেন পরিচালিত হয়।

(তবে পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সতত্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের চেষ্টা চলছে, তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ও প্রমাণ মিললে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জরিপ কার্যক্রমে দ্রুত স্বচ্ছতা ফিরিয়ে আনা, দালালচক্র সম্পূর্ণ নির্মূল করা এবং পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button