গত রাতের রেকর্ড ভাঙা বৃষ্টি: কালিয়াকৈরের হরিনহাটিতে শত শত পরিবার পানিবন্দী

নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান কালিয়াকৈর
১৬ জুন, ২০২৬
গত রাতভর হওয়া প্রচণ্ড ও অবিরাম বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের হরিনহাটি এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই ঢলে এলাকার শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ড্রেনেজ ব্যবস্থার ধারণক্ষমতাহীনতা এবং নিচু এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই হরিনহাটির বিস্তীর্ণ অঞ্চল প্লাস্টিকের বর্জ্য ও নোংরা পানিতে তলিয়ে যায়।
ঘরের ভেতর কোমর পানি, চরম দুর্ভোগে বাসিন্দারা সরেজমিনে দেখা গেছে, হরিনহাটি এলাকার অধিকাংশ বাড়িঘর ও নিচু টিনশেড কলোনিগুলোর অর্ধেকটাই এখন পানির নিচে। অনেক বাসিন্দার ঘরের ভেতর কোমর সমান পানি ঢুকে পড়েছে। আসবাবপত্র, খাট, ফ্রিজ ও রান্নার সামগ্রী পানিতে ভেসে গেছে।
স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক বলেন:
”রাতে ঘুমানোর সময়ও সব ঠিকঠাক ছিল। ভোররাতের দিকে হঠাৎ দেখি বিছানার ওপর পানি চলে এসেছে। ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন রান্না করার মতো কোনো অবস্থা নেই, বাচ্চাদের নিয়ে খাটের ওপর বসে আছি। এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রিকশা বা ইজিবাইক চলাচলের কোনো উপায় নেই। কোমর সমান পানি মাড়িয়ে স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা গেছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকট দেখা দিয়েছে। এলাকার নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবাহিত রোগের আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে চারপাশের নিচু জমি ও খাল ভরাট করে আবাসন ও কারখানা গড়ে তোলাই এই স্থায়ী দুর্ভোগের মূল কারণ। সামান্য বৃষ্টি হলেই হরিনহাটি এলাকার পানি নিষ্কাশনের ড্রেনগুলো উপচে পড়ে। গতকাল রাতের মতো ভারী বৃষ্টিপাত সামাল দেওয়ার মতো কোনো ড্রেনেজ ব্যবস্থা এখানে নেই।



Daily Aporadh Prokash