সারাদেশ

আশুলিয়ায় রাতের আঁধারে অপরিকল্পিত মাটি পরিবহন: মহাসড়কে পিচ্ছিল কাদা ও ভোগান্তি

উন্নয়নমূলক কাজের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাটি পরিবহনের ফলে সৃষ্ট চরম অব্যবস্থাপনায় আবারও বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেন দুই সাংবাদিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের অতিরিক্ত মাটি রাতের আঁধারে ভারী লরি (ট্রাক) ভর্তি করে বিভিন্ন ইটভাটায় বিক্রি ও স্থানান্তরের হিড়িক পড়েছে। এই অবৈধ ও অনিয়ন্ত্রিত পরিবহনের কারণে মহাসড়কে কাদা জমে তৈরি হওয়া পিচ্ছিল পরিস্থিতিতে ভোররাতে সবীনগর-চন্দ্র মহাসড়কে ড্যান্ডাবর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই সংবাদকর্মী।

বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, একটি অসাধু চক্রের যোগসাজশে প্রটোকল ও নিরাপত্তা বিধি তোয়াক্কা না করেই প্রতিদিন গভীর রাতে মেগা প্রকল্পের মাটি বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। সাধারণত যেকোনো বড় নির্মাণ প্রকল্পের মাটি বা বর্জ্য অপসারণের ক্ষেত্রে নির্দিষ্ট ট্রাকে ত্রিপল বা ঢাকনা ব্যবহার এবং মহাসড়ক পরিষ্কার রাখার কড়া নির্দেশনা থাকে।

কিন্তু অভিযুক্ত চক্রটি দিনে তো বটেই, বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত বোঝাই লরি দিয়ে অবাধে মাটি পরিবহন করছে। লরিগুলোর বডি ফাঁকা থাকা এবং চাকার সঙ্গে লেগে থাকা প্রচুর ভেজা মাটি মহাসড়কের ওপর পড়ছে। এরপর রাতের বিভিন্ন গাড়ির চাপে সেই মাটি পিষে নরম কাদার আস্তরণে পরিণত হয়। ভোর বা রাতের কুয়াশার সঙ্গে এই কাদা মিশে পুরো সড়ক অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে।

গত রাতে এই পিচ্ছিল সড়কের কবলে পড়ে মোটরসাইকেল নিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ওই দুই গণমাধ্যমকর্মী। বাইকটি হঠাৎ স্লিপ করায় তারা ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানেেএকজনের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে এই রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও দ্রুতগতির একটি সড়কে কাদা পড়ে থাকায় প্রায়ই সাধারণ চালক ও যাত্রীরা ছোট-বড় দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন।

এছাড়া অতিরিক্ত ও ভারী লরি চলাচলের কারণে মূল মহাসড়কের পিচ ও স্থায়িত্বও নষ্ট হচ্ছে। উন্নয়ন কাজের নামে জননিরাপত্তা বিপন্নকারী এই অসাধু মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা। একইসঙ্গে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button