আশুলিয়ার বাইপাইলে অটোরিকশা ও বাস চালকের সংঘর্ষ, ভিডিও ধারণে সাংবাদিকদের বাধা


নিজস্ব প্রতিবেদক :
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় অটোরিকশা ও লোকাল বাস চালকের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কার ওয়াশ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে।
শনিবার (৭ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এসএ পরিবহনের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লোকাল বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুই চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অটোরিকশা চালক ক্ষুব্ধ হয়ে সড়কের মাঝখানে অটোরিকশা রেখে সাময়িকভাবে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পরে তিনি বাস চালকের দিকে তেড়ে গিয়ে মারধরের চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও অন্যান্য চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় ঘটনাটি ধারণ করতে কয়েকজন সাংবাদিক মোবাইল ফোনে ভিডিও করতে গেলে পাশেই অবস্থিত DENSO কার ওয়াশ প্রতিষ্ঠানের কর্মরত মালিক রিয়াদ ও বাবলু তাদের কাজে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকরা জানান, তারা সংবাদ সংগ্রহের স্বার্থে ভিডিও ধারণ করছিলেন। কিন্তু রিয়াদ ও বাবলু তাদের ভিডিও করতে বাধা দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সড়কে প্রায়ই অটোরিকশা ও বাস চালকদের মধ্যে এমন তর্কবিতর্কের ঘটনা ঘটে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।




Daily Aporadh Prokash