গাজীপুরে শ্বাসরোধ করে যুবক হত্যা করলো ডাকাতরা।


মোঃ ইব্রাহীম খলিল গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাড়ির দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এক কলেজ ছাত্রকে হত্যা ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম মাহিউস সোনান চৌধুরী(১৯)। দক্ষিণ সালনার মোল্লা পাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ে কতিপয় কয়েকজন যুবক রোববার দিবাগত রাত তিনটার দিকে ওই বাড়ির দরজার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেই সকলের চোখ কালাে কাপড় দিয়ে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় এসব কাজে বাধা দিলে ঐ যুবকেরা কলেজ ছাত্র মাহিউস সোনান চৌধুরী (১৯) কে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে তারা পালিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রোববার দিবাগত রাত ৩ টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রীল কেটে ভিতরে ডুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়।
এসময়ে তার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারা।তিনি আরো বলেন, আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলতো। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে এলাকার ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য সেটির মিমাংসা হয়ে গেছে। কিন্তু সেটি ৪-৫ মাস আগের ঘটনা। আমার চোখ বাঁধা ছিল। যার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে একদল দুবৃত্ত তাদের বাড়ির গ্রীল কেটে প্রবেশ করে। দুবৃত্তরা তাদের বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এসময়ে কলেজ ছাত্র মহিউর তাদের বাধা দিলে তাকে দুবৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এছাড়া ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা, সিআইডি ও পিবিআই পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করার কাজ করছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Daily Aporadh Prokash