দেলদুয়ারে নিম্নমানের ইট খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ


মোঃ বাবলু মিয়া দেলদুয়ার সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা দেউলী ইউনিয়নের আগ দেউলী এলাকায় ৭২৫ মিটার রাস্তার কাজে ব্যবহৃত ইট ও খোয়া অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাস্তা পাকা করার কাজে পিকেট ও ১ নাম্বার ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও নিম্নমানের ইট দিয়ে দায় সারা কাজ করেছে বলে অভিযোগ। ঠিকাদারকে স্থানীয়রা ইটের ব্যাপারে অভিযোগ জানালে এই কাজের ঠিকাদার লোকসান হচ্ছে বলে জানান। পাশাপাশি জানান নির্মাণ সামগ্রীর মধ্যে কোন প্রকার ত্রুটি নেই।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী মোঃ সানোয়ার হোসেন বলেন রাস্তার নির্মাণ সামগ্রী মানগত দিক থেকে সামান্য সমস্যা রয়েছে তবে ঠিকাদারকে বলে দিয়েছি নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য। আবারো রাস্তাটি পরিদর্শনে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের নিকট জানতে চাইলে প্রথম দিকে তিনি কথা বলতে দ্বিমত প্রকাশ করেন । পরে তিনি জানান রাস্তাটি নির্মাণ সামগ্রীর মধ্যে কোনো ত্রুটি নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।
ইঞ্জিনিয়ার অফিসের তথ্য মতে, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের এলজিইডি আওতাধীন কাজের বরাদ্দ ৬৫ লক্ষ ১৩ হাজার ১শত ৪৩ টাকা। উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলী গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুল গফুরের বাড়ি থেকে কড়াইল সড়কের মোড় পর্যন্ত ৭২৫ মিটার রাস্তার কাজটি এসএস কনস্ট্রাকশন কে দেওয়া হয়েছে।




Daily Aporadh Prokash