

বিপ্লব হোসেন :
নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম টাঙ্গাইলের গোপালপুরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) গোপালপুরের সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টুর উপস্থিতিতে স্থানীয় নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এবং প্রতিটি পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে এই কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নারীরা সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি মূল্যে নিত্যপণ্য এবং বিশেষ স্বাস্থ্যসেবা পাওয়ার সুবিধা পাবেন। কার্ডটি পরিবারের জ্যেষ্ঠ নারীর নামে ইস্যু করা হচ্ছে, যা পরিবার ও সমাজে নারীর গুরুত্ব ও কর্তৃত্ব বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা পালন করবে।স্থানীয় পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী নারীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে নারী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের ফলে টাঙ্গাইল-২ আসনের তৃণমূল পর্যায়ের হাজারো পরিবার এখন থেকে প্রত্যক্ষ সরকারি সহায়তার আওতায় আসবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।



Daily Aporadh Prokash