সাভার সাংবাদিকদের ওপর হামলা: আশুলিয়া থানা প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আশুলিয়া থানা প্রেস ক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
জানা গেছে, সম্প্রতি আশুলিয়া এলাকায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, শামীম নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়। হামলায় দুই জন সাংবাদিক গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আশুলিয়া থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন:
”সাংবাদিকরা সমাজের দর্পণ এবং সত্য তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ওপর এমন কাপুরুষোচিত হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
প্রেস ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে মূল হোতা শামীমসহ সকল হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহলও। এলাকায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



Daily Aporadh Prokash