আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ’মাদক সম্রাট’সাদ্দাম গ্রেপ্তার


সাঈম সরকারঃ
আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: সাদ্দাম হোসেন নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১২টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো: সাদ্দাম হোসেন গোহাইলবাড়ী এলাকার আব্দল মজিদের ছেলে। তাকে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে চিহ্নিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি দল গোহাইলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আটক অভিযানটিও তারই একটি অংশ। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আশুলিয়া থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।




Daily Aporadh Prokash