জাতীয়রাজনীতি

কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

 কুড়িগ্রাম প্রতিনিধি:
‎নদী-নালা আর দুর্গম চরাঞ্চল পেরিয়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়া কুড়িগ্রামে এখনও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি ও বেসরকারি সেবার সুযোগ আরও সহজলভ্য করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সেই লক্ষ্যেই কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি লেভেলে পাবলিক সার্ভিসে অ্যাক্সেস শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভা।
‎সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ।
‎সভায় চরাঞ্চলের মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
‎আলোচনায় বক্তারা বলেন, কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের একটি বড় অংশ নানা কারণে সরকারি-বেসরকারি সেবা থেকে পিছিয়ে থাকে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য ও সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে তাদের নাগরিক সেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এসব বাধা দূর করে সেবাগুলো মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে হবে।
‎সভায় জানানো হয়, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এসব প্রকল্পের বড় একটি অংশ চরাঞ্চলকেন্দ্রিক। এর মাধ্যমে চরবাসীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
‎আয়োজকরা জানান, চরাঞ্চলের মানুষের প্রয়োজন ও বাস্তবতাকে সামনে রেখে ভবিষ্যতে নাগরিক সেবা প্রাপ্তির সুযোগ আরও বাড়ানো হবে। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
‎সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খোদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, সুশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, নাজমুল হোসেন-সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
‎জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন,চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে দুর্গম চরাঞ্চলের মানুষও শহর ও মূল ভূখণ্ডের মানুষের মতো সমানভাবে নাগরিক সুবিধা যাতে নিশ্চিত হয় এমন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলের এগিয়ে আসা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button