সাভারে পুলিশের অভিযানে আলোচিত মাদক কারবারি এবাদুল গ্রেপ্তার: পুলিশ ‘ম্যানেজ’ করার দাবি ও বিএনপি নেতাকে হুমকির অভিযোগ


নিজস্ব প্রতিবাদক মেহেদী হাসান:
সাভারের বিরুলিয়া ইউনিয়নে দীর্ঘদিনের মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এবাদুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে কালিয়াকৈর এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এবাদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট চালিয়ে আসছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার গতিবিধি নিশ্চিত হওয়ার পর কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারকে কেন্দ্র করে এলাকায় প্রতিনিয়ত প্রভাব বিস্তার করতেন এবাদুল। বিরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির তাকে মাদক বিক্রিতে বাধা দিলে এবাদুল তাকে সরাসরি হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, জহিরকে ভয়ভীতি দেখানোর সময় এবাদুল নিজেকে পুলিশ ‘ম্যানেজ’ করে ব্যবসা পরিচালনা করার কথা দম্ভের সাথে জাহির করতেন। তবে তার এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
দীর্ঘদিন ধরে বিরুলিয়ার কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় এই মাদক চক্রের কারণে যুবসমাজ অবক্ষয়ের মুখে পড়ছিল। চিহ্নিত এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় অধিবাসীদের মাঝে। তারা অবিলম্বে বিরুলিয়া থেকে মাদকের জটলা পুরোপুরি নির্মূল করতে নিয়মিত পুলিশি অভিযান ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদক বিক্রির পাশাপাশি হুমকির বিষয়টিও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততার সব প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।




Daily Aporadh Prokash