জাতীয়রাজনীতি

শহীদ ইমন হত্যামামলায় ৩৯জন-মূল আসামিকে বাদ-দিয়ে অভিযোগপত্র দাখিল।

‎বিপ্লব হোসেন :
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইমন হত্যা মামলায় ৩৯ জন মূল আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার তীব্র প্রতিবাদ ও আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছে। এই ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর পক্ষ থেকে মাননীয় দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করা হয়েছে।আজ (রবিবার) উক্ত রিভিশন মামলার গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নিতে দায়রা জজ কোর্টে আইনজীবী হিসেবে উপস্থিত হন বিএনপি’র ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইল-২ (১৩১) আসনের সংসদ সদস্য, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ বিরতির পর নিজের মূল কর্মস্থল আদালতে আইনজীবী হিসেবে তাঁর এই উপস্থিতি স্থানীয় আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নৃশংসভাবে নিহত হন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর নলিন গ্রামের স্থায়ী বাসিন্দা শহীদ ইমন। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা প্রভাবশালীদের বাঁচাতে ৩৯ জন মূল আসামিকে বাদ দিয়ে আদালতে বিতর্কিত অভিযোগপত্র জমা দেন। বাদীপক্ষ এই অভিযোগপত্রকে প্রহসন ও একপেশে দাবি করে বিজ্ঞ দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করেন।আজকের শুনানিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু শহীদ ইমনের পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন। আদালতে তিনি যুক্তি পেশ করে বলেন, “একটি ঐতিহাসিক গণআন্দোলনের শহীদের রক্ত নিয়ে কোনো আপস হতে পারে না। মূল ৩৯ জন আসামিকে বাদ দিয়ে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা ন্যায়বিচারের পরিপন্থী।
‎ তিনি অবিলম্বে মামলাটির সুষ্ঠু ও পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।আইনজীবী হিসেবে আব্দুস সালাম পিন্টুর আদালতে হাজিরা দেওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ ভীড় জমান। এই রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত সংশ্লিষ্ট নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার আদেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button